নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ঝালদা মিউনিসিপালিটির উদ্যোগে এবং 'সেবা সেতু অভিযান'-এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে মাসব্যাপী চলা জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এলাকার মানুষ।
নরেন্দ্র মোদীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন দেশসেবার কর্মজীবনকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত। উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেশবাসীর সেবায় বিগত ২৫ বছর ধরে একদিনও ছুটি না নিয়ে কাজ করে চলেছেন। ভারতবাসী হিসেবে তাঁকে যথোপযুক্ত সম্মান জানানো আমাদের সবার কর্তব্য।"
তিনি আরও জানান, মাসব্যাপী এই ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে ঘোষিত ১৩টি বিশেষ কর্মসূচির অন্যতম হলো 'সেবা মেলা যোগদান' ও রক্তদান শিবির। দেশজুড়ে বিভিন্ন ধরণের সামাজিক কাজ চললেও, ঝালদা পুরসভার এই রক্তদান শিবিরে স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মসূচির সফলতা কামনা করে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াকে সাধুবাদ জানিয়ে শঙ্কর বাবু অভিযানের আগামী দিনগুলির সমস্ত অনুষ্ঠানও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ঝালনা পুরসভার চেয়ারম্যান বিজয় কান্দু।