নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শহরের ব্যস্ততম রাস্তায় ব্রিজ নির্মাণের কাজ চলাকালীন আচমকাই নেমে এলো চরম বিপর্যয়! কোনো নিরাপত্তামূলক আগাম সতর্কতা ছাড়াই ভারী যন্ত্রাংশ দিয়ে কাজ চালানোর মাশুল গুনতে হলো বেশ কয়েকজন নিরীহ পথচারী ও পথচলতি স্কুল পড়ুয়াকে। সোমবার পুরুলিয়া শহরের গোশালা মোড়ের কাছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ওপর রেল ক্রসিং ব্রিজের নির্মাণকাজ চলাকালীন উল্টে গেল একটি বিশালাকার খনন যন্ত্র।
দীর্ঘদিন ধরে চলা এই ওভার ব্রিজ নির্মাণের কাজ চলাকালেই হুট করে বিশালাকার মেশিনটি সোজা গিয়ে পড়ে একটি স্কুল পড়ুয়া বোঝাই বোলেরো গাড়ি এবং একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর। বিকট শব্দে থমকে যায় গোটা এলাকা। গাড়ির ভেতর থাকা স্কুল ছাত্র-ছাত্রী ও ড্রাইভার মারাত্মকভাবে জখম হন। গাড়ি দুটির ছাদ ও বডি কার্যত দুমড়েমুচড়ে যায়। স্রেফ বরাত জোরে আজ এক মর্মান্তিক মৃত্যুমিছিলের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।
দুর্ঘটনার সাথে সাথেই ওই ব্যস্ততম রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ।
এমনিতেই দীর্ঘ দিন ধরে চলা এই ব্রিজের কাজের জন্য যানজটে নাজেহাল শহরবাসী, তার ওপর ব্যস্ত রাস্তায় উপযুক্ত সুরক্ষা বলয় ছাড়া কীভাবে এই ধরণের ঝুঁকিপূর্ণ কাজ চালানো হচ্ছিল, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও ব্রিজের নির্মাণকারী সংস্থা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।