সাধারণ খবর ব্লক

আদ্রায় রেললাইনে শুয়ে আত্ম*ঘাতী নবম শ্রেণির ছাত্র, চাঞ্চল্য

আদ্রায় রেললাইনে শুয়ে আত্ম*ঘাতী নবম শ্রেণির ছাত্র, চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

 

রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলছাত্রের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম চেতন আনন্দ (১৫)। বাড়ি আদ্রা থানার পলাশকোলা এলাকার ধোবি মুসলিম বস্তিতে। আদ্রা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
জানা গিয়েছে, নিত্যদিনের মতো শনিবার সকালে স্কুলের পোশাক পরে, স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোয় চেতন। এর পর আদ্রা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পুরুলিয়া-বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন ঢোকার সময় রেললাইনের ট্র্যাকে শুয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। ঘটনাস্থল থেকে ওই ছাত্রের স্কুলব্যাগ ও স্কুলের পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন বাবা ধর্মেন্দ্রনাথ রাউথ। তিনি আনাড়ায় রেলের রানিং স্টাফ বিভাগে গার্ড পদে কর্মরত। রেললাইনে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাবার দাবি, চেতন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। বাড়িতেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছিল। এ দিন স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে।