নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বন্ধ থাকা ক্রাশার থেকে ব্যাটারি, হ্যামার-সহ কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়াল মানবাজারে। ঘটনায় মানবাজার থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন ওই থানার ঝাড়বাগদা গ্রামের বাসিন্দা সুরজিৎ মাহান্তী। তিনি অভিযোগে পুলিশকে জানিয়েছেন, তার একটি পাথর ক্রাশার রয়েছে। পাথরের খাদান বন্ধ থাকায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে ক্রাশারটি বন্ধ ছিল। সেখানেই তাঁর কয়েকটি গাড়িও রাখা ছিল।
অভিযোগ, বুধবার ক্রাশার চত্বরে গিয়ে তিনি দেখেন সমস্ত ঘরের দরজা খোলা। ভিতরে থাকা ব্যাটারি, হ্যামার-সহ বিভিন্ন দামি যন্ত্রাংশ উধাও। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।