নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ায় এসে বলে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই কথা রাখতে উদ্যোগী হলো পুলিশ। আবাস যোজনার ঘর তৈরির জন্য বালি নিয়ে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় আইন মেনে বালি মজুত করে রাখা হচ্ছে। সেখান থেকে আবাস যোজনার উপভোক্তাদের ১০০ কিউবিক বালি দেওয়া হচ্ছে ১২০০ টাকায়। বালি সরবরাহের প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রতিটি মজুত ও বণ্টন কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। বালি নিয়ে কালোবাজারি এবং বেআইনি মজুত রুখতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তিন দিনে জেলার বিভিন্ন জায়গা থেকে এক লক্ষ ঘনফুটের বেশি বেআইনি ভাবে মজুত বালি উদ্ধার করা হয়েছে। সেই বালি নিলামের জন্য ভূমি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্ধারিত দামে বালি পাওয়া কয়েক জন আবাস যোজনার উপভোক্তা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্যের ভিডিয়োও প্রকাশ করেছে পুলিশ।
উৎফুল্ল এক বালি প্রাপক বলেন, "আমি সরকারি রেটে ১২০০ টাকায় ঘাটে বালির নিলাম এবং সেই বালি আমি বাড়ি নিয়ে যাচ্ছি।"
আরেক বালি প্রাপক বলেন, "আমি আবাস যোজনা পেয়েছি। অঞ্চল থেকে বালি ১২০০ টাকায় পেয়েছি"।
জেলা পুলিশ জানিয়েছে, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বালি মজুত ও বণ্টনের উপরে নজরদারি চালানো হচ্ছে। নির্ধারিত দামে উপভোক্তারা যাতে বালি পান এবং বণ্টন প্রক্রিয়ায় কোনও অনিয়ম না হয়, তা নিশ্চিত করতেই পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।