ক্রাইম ব্লক

জয়পুরে ৩ ট্রাক ভর্তি অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেফতার ৩

জয়পুর থানার কাঁঠালটাড় নাকা পয়েন্টে নাকা-তল্লাশির সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা তিনটি কয়লাবোঝাই ভারী ট্রাক আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনটি গাড়ি থেকে মোট ১২২ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন চালককে।
জয়পুরে ৩ ট্রাক ভর্তি অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেফতার ৩

 


নিজস্ব প্রতিনিধি, জয়পুর

ঝাড়খণ্ড সীমান্তে বেআইনি কয়লা পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত  পুরুলিয়া জেলা পুলিশের। শনিবার গভীর রাতে জয়পুর থানার কাঁঠালটাড় নাকা পয়েন্টে নাকা-তল্লাশির সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা তিনটি কয়লাবোঝাই ভারী ট্রাক আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনটি গাড়ি থেকে মোট ১২২ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন চালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নাকা-তল্লাশির সময় সন্দেহ হওয়ায় তিনটি ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি চালকেরা।

পরে ই-মেল মারফত কিছু নথি পাঠানো হয়। প্রাথমিক যাচাইয়ে সেই নথিগুলিও জাল বলে পুলিশের অনুমান। এর পরেই তিনটি ট্রাক-সহ কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। বেআইনি ভাবে কয়লা পরিবহণ এবং জাল নথি ব্যবহারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

সোমবার ধৃত তিন চালককে আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, শুধু চালকের বিরুদ্ধেই নয়, এই কারবারে যুক্ত থাকার অভিযোগে তিনটি গাড়ির মালিকের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।