নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
৩১ অক্টোবর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী,এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর ৪৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হন তিনি। দিনটি স্মরণ করে এদিন পুরুলিয়া শহর জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন পুরুলিয়া শহরের ৪নং ওয়ার্ডের ভাটবাঁধ, জেলা পার্টি অফিসের সামনে, দুলমী নডিহা এবং ট্যাক্সি স্ট্যান্ডে স্থাপিত ইন্দিরা গান্ধীরমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব।
পুরুলিয়া জেলা কংগ্রেস নেতা উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক কীর্তি ও দেশের জন্য আত্মবলিদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তবে বর্তমান সময়ে দেশের অভ্যন্তরে মাথাচাড়া দিয়ে ওঠা বিচ্ছিন্নতাবাদী শক্তি ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়াই আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার"।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়, শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় , উত্তম দাস, স্মরজিৎ স্যামুয়েল, খলিল খান, সমীর বাউরি, অমিত দাস, দুলাল সরকার প্রমুখ।