উৎসবের আলোয় সাধারণ খবর শহর

নবমী নিশি-র আগে পুরুলিয়া ট্রাফিক নিয়ে বড় বার্তা এসপি-র

নির্দিষ্ট রুটগুলিতে মঙ্গলবার দুপুর ৩ টার পর থেকে মোটরসাইকেল এবং অন্যান্য দু'চাকার যান না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে শহরের কিছু নির্দিষ্ট রাস্তায় সাময়িকভাবে পথ পরিবর্তন করা হয়েছে।
নবমী নিশি-র আগে পুরুলিয়া ট্রাফিক নিয়ে বড় বার্তা এসপি-র

 

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

দুর্গোৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরে যানজট মুক্ত করে মসৃণ ট্রাফিক চলাচল বজায় রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশের পুরুলিয়া জেলা শাখা। উৎসবের মরশুমে শহরের জনসমাগম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরুলিয়া শহরের তুলনামূলকভাবে সংকীর্ণ রাস্তা ও গলি গুলির কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞাগুলি  করা হচ্ছে। যাতে সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয়।
প্রশাসনের তরফ থেকে নাগরিকদের জন্য জারি করা মূল নির্দেশাবলীগুলি হল, নির্দিষ্ট রুটগুলিতে মঙ্গলবার দুপুর ৩ টার পর থেকে মোটরসাইকেল এবং অন্যান্য দু'চাকার যান না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতায়াতের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ পয়েন্টে চেকিংয়ের জন্য বৈধ পরিচয়পত্র, প্রয়োজনীয় নথিপত্র এবং আবাসিক প্রমাণপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে শহরের কিছু নির্দিষ্ট রাস্তায় সাময়িকভাবে পথ পরিবর্তন করা হয়েছে। নাগরিকদের নির্ধারিত বিকল্প রুটগুলি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং এবং অন্যান্য বিপজ্জনক কার্যকলাপ থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিউটিরত পুলিশ কর্তা বা কনস্টেবলরা কোনো নির্দিষ্ট রাস্তায় যাতায়াত নিষিদ্ধ করলে, নাগরিকদের সম্পূর্ণ সহযোগিতা করার এবং তাঁদের নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ এ প্রসঙ্গে বলেন, "পুজোয় পুরুলিয়ার ভিড় সামলাতে এবং যাতায়াত মসৃণ রাখতে দুপুর ৩টা থেকে নো-এন্ট্রি ও ট্রাফিক নিয়ম মেনে চলুন। মদ খেয়ে বা বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকুন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। সরকারি কর্মীরা যাতায়াতের সময় নিজেদের পরিচয়পত্র ও গাড়ির কাগজ সঙ্গে রাখুন।"
"আপনাদের সহযোগিতা, আপনাদের সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি"—এই বার্তা দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত নাগরিককে ট্রাফিক নিয়ম মেনে চলার এবং পুলিশ কর্মীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।