নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বলরামপুর থানার বিজয়া সম্মেলনীতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বলি হলেন এক তরুণ সিভিক ভলান্টিয়ার। মৃত বনিরাম মাহাতো (৩৪) বলরামপুরের ভালিকা গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকে চড়ে বলরামপুরের দিকে যাচ্ছিলেন বনিরাম ও তার এক সঙ্গী গৌরীশঙ্কর মাহাতো। ঠিক সেই সময় জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের বড় উরমা এলাকায় পিছন থেকে একটি বেপরোয়া গতির চারচাকা গাড়ি তাদের বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়দের উদ্যোগে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বনিরামকে রাঁচির রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে।