সাধারণ খবর ব্লক

হাতে প্রাণ নিয়ে অপরাধের কিনারায়, রাষ্ট্রীয় একতা দিবসে রাষ্ট্রপতির পদক পুরুলিয়ার পুলিশ অফিসারের হাতে

▪️রাষ্ট্রীয় একতা দিবসে বিশেষ অনুষ্ঠান বেলগুমা পুলিশ লাইনে। ▪️কাজের স্বীকৃতি, জেলার ৯ পুলিশ অফিসার ও কর্মীকে সম্মান। ▪️কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পাচ্ছেন পুরুলিয়ার ২ পুলিশ অফিসার।
হাতে প্রাণ নিয়ে অপরাধের কিনারায়, রাষ্ট্রীয় একতা দিবসে রাষ্ট্রপতির পদক  পুরুলিয়ার পুলিশ অফিসারের হাতে

 


 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

একমাসের মাথায় মৌতড় কালী মন্দিরে দেবী মূর্তির অলংকার চুরির কিনারাই হোক, কিংবা রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে এসইউভি এনে গরু চুরি করা অপরাধীদের পাকড়াও, সেনকো গোল্ড ডাকাতি হোক বা ঝালদার কয়লা ব্যবসায়ী অপহরণ  — সব রহস্যের সমাধানেই তিনি পুরুলিয়া পুলিশের অলরাউন্ডার অফিসার। প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক অপরাধের কিনারায় সামিল পুরুলিয়া স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার ইন চার্জ সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার চক্রবর্তীর হাতে রাষ্ট্রীয় একতা দিবসে উঠে এলো রাষ্ট্রপতি প্রেরিত পদক। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস-২৩ -এ ভূষিত হয়েছিলেন জয়ন্ত। সেই শংসাপত্র ও মেডেলই দিল্লি থেকে এসে পৌঁছেছে জেলা পুলিশের হাতে। আর শনিবার রাষ্ট্রীয় একতা দিবসে বেলগুমা পুলিশ লাইনে জয়ন্ত বাবুর হাতে এই সম্মান তুলে দেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ।

১৯৯৫ সালের ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ১১ নম্বর সশস্ত্র বাহিনীর কনস্টেবল হিসেবে শুরু হয়েছিল জয়ন্ত বাবুর  কর্মজীবন। ২০০৮ সাল থেকেই পুরুলিয়ার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে কাজ করার সুবাদে একের পর এক তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে তাঁর ঝুলিতে।  সেই সব সাফল্যকেই যেন অভিবাদন জানাচ্ছে এই সম্মান। একই সঙ্গে এদিন ভালো কাজের স্বীকৃতি দিয়ে ৯ অফিসার ও কর্মীকে সম্মানিত করা হয়।  পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল, বোরো থানার আইসি তাপস ঘোষ, ডিআইও-১ চন্দন কুসুম দাস, মানবাজার থানার ওসি তারাপদ মণ্ডল, নিতুড়িয়া থানার ওসি সুকুমার হোতা, হাতোয়াড়া ট্রাফিক গার্ডের ওসি  রাহুল মণ্ডল, বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত, এসওজি-র ওসি জয়ন্তকুমার চক্রবর্তী এবং পুরুলিয়া পুলিশ অফিসের হিসাবরক্ষক কালীপদ মাহাতোকে জানানো হয় সম্মান।

প্রতিবছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দেশ জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস।ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জাতীয় সংহতি রক্ষায় পুলিশের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়কালকে বিশেষ সপ্তাহ হিসেবে পালন করা হয়। ২১ অক্টোবর পুলিশ স্মরণ দিবস দিয়ে এই কর্মসূচি শুরু হয় এবং ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। আয়োজিত হয় রান ফর ইউনিটি। পুলিশ লাইন ও বিভিন্ন থানায় জওয়ানদের পাঠ করানো হয় জাতীয় সংহতি ও দেশের অখণ্ডতা রক্ষার শপথবাক্য।

এদিনই জয়ন্তর মুকুটে আরও এক পালক যুক্ত হলো। রাষ্ট্রীয় একতা দিবসে  এলো আরও সুখবর। প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পাচ্ছেন পুরুলিয়ার ২ পুলিশ অফিসার। এই পুরস্কার পাচ্ছেন পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী এবং বান্দোয়ান থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মানসচন্দ্র দত্ত।