নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
স্টেশনের ব্যস্ত ওয়েটিং হলে অসাবধানতাবশত পড়ে গিয়েছিল নগদ টাকা ভর্তি মানিব্যাগ। কিন্তু আরপিএফ-এর তৎপরতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে শেষ পর্যন্ত নিজের খোয়া যাওয়া আমানত ফিরে পেলেন এক যাত্রী। 'অপারেশন আমানত'-এর আওতায় পুরুলিয়া আরপিএফ পোস্টের আধিকারিকদের এই ভূমিকা এখন প্রশংসা কুড়োচ্ছে সর্বস্তরে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ১টা ৪০ মিনিট নাগাদ। পুরুলিয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং হলে রুটিন চেকিং চালাচ্ছিলেন আরপিএফের একটি বিশেষ টিম। ডিউটিতে ছিলেন হেড কনস্টেবল বাবলু হেমব্রম, কে. এন. মাহাতো, কনস্টেবল পি. কে. পাটি এবং রবিকান্ত কুমার। চেকিংয়ের সময় ওয়েটিং হলের মেঝেতে একটি কালো রঙের মানিব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। ব্যাগটি খুলে দেখা যায় ভেতরে নগদ ১০,০০০ টাকা রয়েছে।
তাৎক্ষণিকভাবে আসেপাশের যাত্রীদের জিজ্ঞাসা করা হলেও ব্যাগের কোনো দাবিদার মেলেনি। এরপর বিন্দুমাত্র দেরি না করে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন আরপিএফ কর্মীরা। সিসিটিভি নজরদারিতে ধরা পড়ে, কিছুক্ষণ আগে একটি পরিবার ওয়েটিং হল থেকে বের হওয়ার সময় ভুলবশত ব্যাগটি হাত থেকে ফেলে দেন। ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, পরিবারটি পুরুলিয়া এক্সপ্রেসে যাত্রা করছিলেন।
পরবর্তীতে পিএনআর নম্বরের সূত্র ধরে দ্রুত ওই যাত্রীদের সাথে যোগাযোগ করা হয়। জানা যায়, কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা সানিয়া নাসিম তাঁর পরিবারের সঙ্গে সফর করছিলেন এবং স্টেশন ছেড়ে বেরোনোর মুখে তাঁর মাসির হাত থেকে অজান্তেই মানিব্যাগটি পড়ে গিয়েছিল।
খবর পেয়ে ভোর ৫টা নাগাদ আরপিএফ পোস্টে আসেন সানিয়া নাসিম। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাইয়ের পর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া নগদ ১০,০০০ টাকা সহ মানিব্যাগটি অক্ষত অবস্থায় তার হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া টাকা দ্রুত ফেরত পেয়ে আরপিএফ পুরুলিয়া টিম ও 'মেরি সহেলি' টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই যাত্রী।
রেল সূত্রের খবর, যাত্রীদের হারিয়ে যাওয়া বা ফেলে যাওয়া জিনিসপত্র নিরাপদে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় রেলের ‘অপারেশন আমানত’ উদ্যোগ অত্যন্ত সফলভাবে কাজ করছে এবং পুরুলিয়া আরপিএফের এই দ্রুত পদক্ষেপ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।