নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
তৃণমূল আমলে কোন প্রশাসনিক বৈঠকে ডাক পেতেন না বিরোধী দলের জনপ্রতিনিধিরা, বলে উঠতো অভিযোগ। বদলে যাওয়া সরকারে সেই ছবিটাও গেছে বদলে।
ট্রাফিক সমস্যা সমাধান এবং যানজট এড়ানোর উপায় খুঁজতে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা অনুষ্ঠিত হলো। ঝালদার মহকুমা শাসক এর কার্যালয়ে আয়োজিত এই সভায় শহরের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়নে অন্যান্য প্রশাসনিক বিভাগগুলির আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালদার তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়ালও।
শহরের মূল রাস্তা ও মোড়গুলোতে নিত্যদিনের যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবারের সভায় সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে যান চলাচল মসৃণ ও স্বাভাবিক রাখার জন্য দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ কতটা কার্যকর হচ্ছে এবং সেগুলির বাস্তবায়ন পরিস্থিতি ঠিক কী রূপ নিচ্ছে তা খতিয়ে দেখতে আগামী মাসে আরও একটি পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।