নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও গরমের তেজ কমাতে পারল না। ১৮ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। অর্থাৎ দিন-রাত মিলিয়ে ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস জেলাবাসী।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার একমাত্র পাড়া ব্লকে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি ১২টি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির দেখা মেলেনি। ফলে জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে মাত্র ০.২৬ মিলিমিটার।
মাত্র এক দিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ১.৬ ডিগ্রি বেড়েছে। যদিও রাতের তাপমাত্রা সামান্য কমে ২৬.৩ ডিগ্রিতে নেমেছে, তবু তা স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। ভোরের দিকেও গুমোট অস্বস্তি বজায় ছিল।
সকাল থেকেই ছিল উজ্জ্বল রোদ। দুপুরের দিকে গরমের তীব্রতা চরমে ওঠে। তার সঙ্গে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি বলে মনে হয়েছে। সন্ধ্যার পরেও খুব একটা স্বস্তি মেলেনি।