অন্যান্য

পাকা ধানে মই দিতে পুরুলিয়ায় ফের ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির ভ্রুকুটি!

ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাবে আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
পাকা ধানে মই দিতে পুরুলিয়ায় ফের ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির ভ্রুকুটি!

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পাকা ধানে মই দেওয়ার মতোই পরিস্থিতি! ‘অর্ণব’, ‘মুরাশু’র পরে এ বার ঘূর্ণিঝড় ‘আকভান’। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্ধ্র উপকূলের দিকে। তবে তার পরোক্ষ প্রভাবেই আবহাওয়ার বদল ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

এমনিতেই এ বার হেমন্তের মাঝামাঝি শীতের আমেজ টের পাচ্ছেন পুরুলিয়াবাসী। গত ১৬ নভেম্বর জেলায় এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শীতের আগমনী বার্তা কার্যত স্পষ্ট হয়ে উঠেছিল। সেই শীতের আমেজে এ বার দোসর হয়ে দাঁড়াতে পারে আকভান।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আগামী কয়েক দিন আকাশের মুখ ভার থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রাও। যদিও মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবু দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বাড়বে। অর্থাৎ, তাপমাত্রার ওঠানামার মধ্যেই বৃষ্টি ও শীত—দুইয়ের যুগলবন্দি দেখতে পারে পুরুলিয়া।