সুইটি চন্দ্র, পুরুলিয়া:
সপ্তমী থেকে দশমী—পুরুলিয়া শহরের সরকারপাড়া দুর্গা মন্দিরের জগদ্ধাত্রী পুজোয় ভোগে থাকে এক অনন্য বিশেষত্ব। তবে শুধু ভোগই নয়, এই পুজোর রয়েছে এক আলাদা ইতিহাস। এখানে মা জগৎজননী একেবারে সোনায় মোড়া। মানত থেকে শুরু করে পুজোর আয়োজকরা নানা সোনার অলঙ্কারে মাকে সাজিয়ে তোলেন। এ তো গেল পুজোর রীতির বিশেষত্ব, কিন্তু এই আরাধনাকে ঘিরে রয়েছে রাজনীতিও।
গত বছর তৃণমূলের জমানায় নানা অভিযোগ সামনে এনে প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ হতে বসেছিল এই পুজো। শেষমেশ তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মেলে পুজোর অনুমতি। তাই এবার পুরুলিয়া শহরের সেই সরকারপাড়া দুর্গা মন্দিরের জগদ্ধাত্রী পুজোয় সঙ্কল্প হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে। স্বয়ং মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী মায়ের জন্য বেনারসি শাড়ি ও মিষ্টান্নর দরুন পাঠিয়ে দিয়েছেন ১ লক্ষ টাকা। বুধবার মহানবমীর পুজোয় ‘শুভেন্দু অধিকারী, কাশ্যপ গোত্র’ নামে ওই সঙ্কল্প হবে।
এবার এই পুজোর উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। কিন্তু সময়ের অভাবে তিনি আসতে পারেননি। তাই সোমবার মহাসপ্তমীর সন্ধ্যায় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরির হাত ধরেই এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য গুণীজনরা। ‘জগদ্ধাত্রী পুজো, পুরুলিয়া’ নামে পরিচিত থাকলেও এটি আদতে বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম রায়ের পুজো। সেই কারণেই বিগত সরকারের আমলে গত বছরের পুজোর অনুমতিতে বাধা দেওয়া হয়েছিল।
এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা গৌতম রায় বলেন, "মন্ত্রিসভা গঠনের সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার পশ্চিমবঙ্গে কোনও পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে না। এই পুজোর কথা মাথায় রেখেই তাঁর ওই বক্তব্য ছিল। কারণ গত বছর এই জগদ্ধাত্রী পুজো বন্ধ হয়ে যেতে পারে, এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।" তৃণমূল সরকারে রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং বিজেপিতে যোগ দেওয়ার পর বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার এই পুজোর উদ্বোধন করেছিলেন শুভেন্দু অধিকারী।
এখানকার প্রতিমাতে মা যেন সত্যিই সোনায় মোড়া। মায়ের শরীর জুড়ে নানান গহনা। উদ্যোক্তা থেকে শুরু করে ভক্তরা মানত পূরণে সোনার অলঙ্কার দিয়ে মাকে সাজিয়ে আসছেন। অন্যতম আয়োজক গৌতম রায়েরই এবার বিশেষ মানত ছিল। তাঁর কথায়, "মাকে বলেছিলাম জননেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তোমায় সোনার অলঙ্কার দেব। সেই মতো সোনার পদ্মফুল দেওয়া চিক মাকে দিয়েছি।"
মা এখানে ৫০ ভরিরও বেশি সোনার গহনায় সজ্জিত হয়ে করিন্দ্রাসুরকে বধ করছেন। রাজরাজেশ্বরী হিসেবে মাকে পুজো করা হয়। তবে তার জন্য আলাদা সোনার আসনের দরকার হয় না—সিংহের উপরেই আসন মায়ের। সেই সিংহাসনই যথেষ্ট বলে মনে করেন আয়োজকরা। একইভাবে ভারতমাতা, জগৎমাতা ও ধরিত্রীমাতা হিসেবেও পুজো পান দেবী। যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতমাতার মূর্তি তৈরি করে দুর্গাপুজো করেছিলেন, সেই ভাবনাও জড়িয়ে রয়েছে এই পুজোয়।
এই পুজোর ভোগের আয়োজনেও রয়েছে রাজকীয় ছোঁয়া। সপ্তমীর পুজোয় মাকে নিবেদন করা হয় ১০০ রকমের মিষ্টান্ন—যার মধ্যে থাকে খাজা, গজা, বালুশাই, কলাকাঁদ, রসগোল্লা, পান্তুয়া, রাজভোগ, মোদক, বোঁদে, বোঁদের লাড্ডু, গুড়ের লাড্ডু এমনকি ঠেকুয়াও। অষ্টমীর পুজো হয় ১০৮টি গাওয়া ঘিয়ে ভাজা লুচি দিয়ে। আর মহানবমীর ভোগে থাকে ৯ রকমের ভাজা বেগুন, বড়ি, নারকোল, আলু, মুলো, কাঁচকলা, পটল, ঢেঁড়স ও কুমড়ো এবং নবরত্ন তরকারি। রুপোর থালা, গ্লাস ও বাটিতে এই ভোগ সাজিয়ে মাকে একেবারে জগতের রানি হিসেবে আরাধনা করা হয়।
এছাড়া এবার নবমী পুজোয় তিন কুইন্টাল চালের পোলাও হবে, গত বছর পর্যন্ত যা হয়ে এসেছে ১ কুইন্টাল চালে। ২০১২ সালে মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা বাজেটে এই পুজো শুরু হয়েছিল। সেবার বড় পিতলের হাঁড়িতে মাকে পরমান্ন দেওয়া হতো। ১৪তম বর্ষে সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ লক্ষ টাকায়।
এবার পুজোর থিম ‘পুরীর রথযাত্রা’। জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে রথে চেপে ভক্তদের দর্শন দিচ্ছেন—সেই দৃশ্য তুলে ধরা হয়েছে মণ্ডপে। পাশাপাশি উল্টোরথে পুনরায় মন্দিরে প্রবেশের সময় মা লক্ষ্মী রেগে গিয়ে জগন্নাথকে মন্দিরে ঢুকতে দেন না বলে প্রথা আছে। তাঁকে এক রাত বাইরে কাটাতে হয়। বোনকে সাথে নিয়ে মাসির বাড়ি যাওয়ায় মা লক্ষ্মীর যে অভিমান হয়েছিল, এক হাঁড়ি রসগোল্লা দিয়ে জগন্নাথ কীভাবে সেই অভিমান ভাঙান সেই পৌরাণিক কাহিনিও নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে।