অন্যান্য

বর্ষার খাতা খুললো জয়পুর - ঝালদা, সামান্য বৃষ্টিতে ভ্যাপসা গরম সম্বল

১৮ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৭ মিমি। উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে শুধু জয়পুরে, সেখানে রেকর্ড হয়েছে ৭.৬ মিমি। ঝালদায় হয়েছে ১.৫ মিমি বৃষ্টি। জেলার বাকি অংশ কার্যত শুকনোই থেকেছে।
বর্ষার খাতা খুললো জয়পুর - ঝালদা, সামান্য বৃষ্টিতে ভ্যাপসা গরম সম্বল

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও পুরুলিয়ায় এখনও জোরালো বৃষ্টির দেখা নেই। ১৮ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৭ মিমি। উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে শুধু জয়পুরে, সেখানে রেকর্ড হয়েছে ৭.৬ মিমি। ঝালদায় হয়েছে ১.৫ মিমি বৃষ্টি। জেলার বাকি অংশ কার্যত শুকনোই থেকেছে।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি বজায় ছিল।

আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী, রাজ্যে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা এখনও খুব সক্রিয় নয়। বৃষ্টি নামানোর মতো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের অভাবেই বর্ষার বৃষ্টি অধরা থেকে যাচ্ছে। ফলে পুরুলিয়ার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির পরিমাণ খুবই সীমিত।

আবহাওয়া মহলের আশা, ২০ জুনের পর বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে ততদিন পর্যন্ত গরম, আর্দ্রতা আর মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিই পুরুলিয়ার আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকবে।