নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই পুরুলিয়ায় শীতের আগাম পদধ্বনি। রাতের তাপমাত্রা নামতে নামতে ১৬ ডিগ্রির ঘরে। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি এক ফোঁটাও। সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল ৩১.৩ ডিগ্রি। দিনের গরম আর রাতের ঠান্ডার এই ফারাকেই শীতের অপেক্ষা শুরু হয়েছে জেলাবাসীর।
পুরুলিয়ায় সাধারণত নভেম্বরের মাঝামাঝি বা তার আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে শুরু করে। এ বার কি তার আগেই জাঁকিয়ে বসবে শীত? কালীপুজোর সময় রাতের তাপমাত্রা কতটা নামবে, এখন সেই প্রশ্নই ঘুরছে জেলার বাসিন্দাদের মধ্যে।
তবে আবহাওয়ার গতিপ্রকৃতি এখনই শীতের আগমনের পক্ষে পুরোপুরি অনুকূল নয়। আগামী মঙ্গলবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও উঠে এসেছে আবহাওয়ার পূর্বাভাসে। তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।
ফলে কালীপুজোয় শীতের আমেজ মিলবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত নজর রাতের তাপমাত্রার ওঠানামা এবং নতুন নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে।