নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের জাল। এই বিপজ্জনক ফাঁদ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং পুলিশকর্মীদের আরও দক্ষ করে তুলতে নামল পুরুলিয়া জেলা পুলিশ। সম্প্রতি 'ক্ষণিকা'-য় আয়োজিত এক বিশেষ সচেতনতা কর্মসূচিতে পুলিশকর্মীদের আধুনিক অনলাইন জালিয়াতির কলাকৌশল ও প্রতিকারের পাঠ দেওয়া হলো।
বর্তমান সময়ে ওটিপি ও ইউপিআই , জালিয়াতি, ফিশিং লিংক, ভুয়ো প্রোফাইল এবং কেওয়াইসি আপডেট সংক্রান্ত প্রতারণা মারাত্মক আকার নিয়েছে। এই কর্মশালায় মূলত এই ধরনের অপরাধের ধরন ও তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতারণার শিকার হলে সাধারণ মানুষ যাতে দ্রুত প্রতিকার পান, তার জন্য ১৯৩০ হেল্পলাইন নম্বরে অবিলম্বে যোগাযোগের বার্তাটি আরও জোরালোভাবে প্রচারের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। ‘সচেতন পুলিশ, সচেতন সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশকর্মীরা যাতে নিজেদের কাজের মাধ্যমে সাধারণ মানুষকেও সাইবার সচেতন করে তুলতে পারেন, এদিন সেই বার্তার ওপরই বিশেষভাবে জোর দেওয়া হয়।