নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দুর্গাপূজার দিনগুলিতে নজরদারি ও নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে বনদফতর। জানানো হয়েছে,পুজোর দিনগুলিতে জঙ্গল এবং বন্যপ্রাণী সংলগ্ন রাস্তায় দিনরাত টহলদারিতে থাকবে কিউআরটি টিম। ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হবে নজরদারি। জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলের প্রতিটি পুজো মণ্ডপে মোতায়েন থাকবে বন বিভাগের টিম। পুজোর জন্য প্রত্যেক রেঞ্জ এলাকায় আধিকারিকদের তত্ত্বাবধানে আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকবে।
পুজোর দিনগুলিতে ড্রোন ক্যামেরায় বন্যপ্রাণীদের গতিবিধির উপরেও নজরদারি চালানো হবে।
বন বিভাগ জানিয়েছে, পুজোর সময় বহু পর্যটক পুরুলিয়ায় আসেন। তাঁরা যেন নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট সময়ে জঙ্গলে যান । যেহেতু জঙ্গলে হাতি, চিতাবাঘ, বন বিড়াল, হায়না, প্যাঙ্গোলিন, বন শুয়োর, বিভিন্ন প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে। সেই কথা মাথায় রেখেই জঙ্গল ও বন্যপ্রাণী রক্ষার জন্য গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। জঙ্গল ও বনাঞ্চলে ক্যাম্পিং, নিষিদ্ধ জায়গায় যাওয়া এবং শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।