সাধারণ খবর ব্লক

বিশ্বরূপের ঘাট শ্রাদ্ধে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃ*ত্যু কাকিমার, শোকের ছায়া আড়শায়

▪️দুর্গাপুজোয় পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতির, কয়েক সপ্তাহের ব্যবধানে ফের দুর্ঘটনায় মৃত্যু পরিবারে।
বিশ্বরূপের ঘাট শ্রাদ্ধে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃ*ত্যু কাকিমার, শোকের ছায়া আড়শায়

 

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ভাইপোর মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় পরিবারের এক সদস্যের মৃত্যু। রবিবার সম্প্রতি প্রয়াত আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির ঘাট শ্রাদ্ধে যোগ দিতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল তাঁর কাকিমা ৬১ বছরের অঙ্গুরা মাঝির। তাঁর বাড়ি আড়শা ব্লকের সিরকাবাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সিরকাবাদের বাসিন্দা তথা আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির। পুরুলিয়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে চারচাকায় বাড়ি ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ওই ঘটনায় তাঁর স্ত্রী, মেয়ে এবং পাঁচ বছরের ছেলে আহত হয়। ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার টাটা থেকে পুলিশি উদ্যোগে গ্রিন করিডর করে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রবিবার ছিল বিশ্বরূপের ক্রিয়াকর্ম। সেই উপলক্ষে পুকুরে স্নান সেরে বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর তাঁর কাকিমা অঙ্গুরাদেবীকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।