সাধারণ খবর শহর

এবার পুরুলিয়ায় মাথার ওপর দিয়ে রেল লাইন! আর লেট হবে না ট্রেন, জমি অধিগ্রহণে জারি নোটিশ

আর লেট হবে না ট্রেন। এবার পুরুলিয়ার মাথার ওপর দিয়ে যাবে রেল লাইন! তৈরি হচ্ছে ফ্লাইওভার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এতদিন আটকে থাকা প্রকল্পে এসেছে গতি। জারি হয়ে গেছে বিজ্ঞপ্তি।
এবার পুরুলিয়ায় মাথার ওপর দিয়ে রেল লাইন! আর লেট হবে না ট্রেন, জমি অধিগ্রহণে জারি নোটিশ


 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আর লেট হবে না ট্রেন। এবার পুরুলিয়ার মাথার ওপর দিয়ে যাবে রেল লাইন! তৈরি হচ্ছে ফ্লাইওভার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এতদিন আটকে থাকা প্রকল্পে এসেছে গতি। জারি হয়ে গেছে বিজ্ঞপ্তি। ৩৪.১২ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে কোন কোন ব্লকের কোন কোন মৌজার প্লট নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হয়েছে।

মূলত মালগাড়ি চলাচলের জন্য পুরুলিয়া স্টেশন লাগোয়া গৌরীনাথধাম প্রান্ত থেকে পুরুলিয়ার চান্ডিল প্রান্ত পর্যন্ত ৫.৯ কিলোমিটার এই রেল ফ্লাইওভার লাইন নির্মাণ হবে। আসলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন লাভজনক বাণিজ্যিক করিডর। মালগাড়ি চালানোর জন্য যাত্রীবাহী ট্রেনকে আউটারে আটকে রাখতে হয়। সেই দেরি কমিয়ে গতি মসৃণ করতে এই উদ্যোগ।

প্রকল্পটি নিয়ে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন নীতির কথা তুলে ধরে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, “পুরুলিয়ার উন্নয়নে রেলের বিশেষ ভূমিকার কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আমরা যা যা দাবি জানিয়েছিলাম, তার প্রায় ৯৯ শতাংশই মঞ্জুর হয়েছে। পূর্বতন সরকার কেবল কেন্দ্র ও বিজেপি বিরোধিতা করতে গিয়ে উন্নয়নমূলক কাজে এনওসি দিত না। কিন্তু এখন রাজ্যে পরিবর্তনের ফলে উন্নয়নের সমস্ত বাধা দূর হয়েছে এবং জনস্বার্থে যাবতীয় দাবি পূরণ করা হচ্ছে।”

জানা গেছে, রেলের এই বিশেষ প্রকল্পে পুরুলিয়া দু'নম্বর ব্লকের সুরুলিয়ার-৬২, রাঘবপুরের-৬৬, বোঙাবাড়ির ৬৫ মৌজা থেকে জমি অধিগ্রহণের কথা। বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে প্রশাসনের কাছে আপত্তি জানানো যাবে। তবে অভিযোগ উঠছে এই বিজ্ঞপ্তি পুজোর আগে জারি হলেও পুজোর ছুটির পরে পুরুলিয়া দু'নম্বর ব্লকের ভূমি দফতরে তা টাঙ্গানো হয়। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখা ও পুরুলিয়া- কোটশিলা শাখার মধ্যে গৌরিনাথধাম স্টেশন থেকে এই ফ্লাইওভার আদ্রা-চান্ডিল শাখা ভায়া পুরুলিয়া রেলপথের ছড়রা- পুরুলিয়া স্টেশনের মাঝে বোঙ্গাবাড়ি এলাকায় যুক্ত করা হবে। প্রকল্পে ছাড়পত্র দেয়নি পূর্বতন তৃণমূল সরকার। তবে রাজ্যের ক্ষমতায় বিজেপি আসতেই গ্রিন সিগন্যাল ফ্লাইওভারে।

দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের ছাড়পত্র মেলায় এবং কাজ দ্রুত গতিতে এগোতে থাকায় আশার আলো দেখছেন এলাকার বাসিন্দা ও রেলযাত্রীরা। স্থানীয় অধিবাসীদের মধ্যেও এই প্রকল্প নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে। জমি অধিগ্রহণ প্রসঙ্গে বোঙ্গাবাড়ির বাসিন্দা বৈকুণ্ঠ মাহাতো জানান, “জনসাধারণের এবং এলাকার উন্নয়ন হলে এই ফ্লাইওভারে কারোর কোনো আপত্তি নেই। সরকারের এই পরিকল্পনায় সবাই স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত।”