অন্যান্য ব্লক

বৃষ্টির জল লাগবে কাজে, ঝালদায় বিশেষ উদ্যোগ

ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েতের কেরুয়ারী এলাকায় জলসংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত একটি বিশেষ প্রকল্পের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে যান শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।
বৃষ্টির জল লাগবে কাজে, ঝালদায় বিশেষ উদ্যোগ

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ভূগর্ভস্থ জলস্তর হ্রাস ও অনাবৃষ্টির মতো পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে নতুন পদক্ষেপ। ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েতের কেরুয়ারী এলাকায় জলসংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত একটি বিশেষ প্রকল্পের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে যান শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

আর্ট অফ লিভিং-এর কারিগরি সহায়তায় পরিচালিত এই যৌথ উদ্যোগে মূল নজর দেওয়া হয়েছে বৃষ্টির জলকে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগানোর ওপর। পাহাড়ি ও শুষ্ক অঞ্চলের উপযুক্ত পাথরের ছোট বাঁধ এবং ভূগর্ভস্থ জলস্তরের পুনর্ভরণের  জন্য বিশেষ ধরনের রিচার্জ ওয়েল নির্মাণ করা হচ্ছে। এর ফলে বর্ষার জল গড়িয়ে নষ্ট না হয়ে সরাসরি মাটির নিচে প্রবেশ করতে পারবে, যা দীর্ঘমেয়াদে এলাকার জলসঙ্কট দূর করতে কার্যকরী হবে।

এদিনের এই বিশেষ পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শমীক ঘোষ, ভিবিজি রামজি প্রকল্পের জেলা নোডাল আধিকারিক অভিষেক দাস এবং ঝালদা ১ ব্লকের বিডিও সৌম্য শাসমল। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে তদারকিতে ছিলেন বেঙ্গালুরুর আশ্রম থেকে আগত প্রতিনিধি ড. আদিত্যনাথ চৌবে এবং জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর জিতেন্দ্রনাথ মাহাতো।

সরকারি প্রশাসনিক সহায়তায় আর্ট অফ লিভিংয়ের এই পরিকল্পিত পরিবেশবান্ধব মডেলটি আগামী দিনে ওই খরাপ্রবণ অঞ্চলের জলসুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তারা।