নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মৌসুমি বায়ু সক্রিয় হলেও সোমবার পুরুলিয়া জুড়ে বৃষ্টির চেয়ে বেশি দাপট দেখাল ঝড় ও বজ্রপাত। ২৩ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৮.৬৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানবাজারে ২২.০ মিমি, বলরামপুরে ২১.৪ মিমি এবং পারায় ১৬.২ মিমি।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.০ ডিগ্রি।
সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা না থাকলেও দুপুর ও বিকেলের দিকে জেলার বিভিন্ন প্রান্তে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টি হলেও তার চেয়ে বেশি আতঙ্ক ছড়ায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। জয়পুর ব্লকের দুরমা গ্রামে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতোর বিয়ের প্রীতিভোজের আয়োজন ছিল। আচমকা ঝড়ের দাপটে দুপুরবেলাতেই উড়ে যায় প্যান্ডেল। উপস্থিত অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
জয়পুর-সহ জেলার একাধিক এলাকায় ঘন ঘন বজ্রপাতের ঘটনাও ঘটে। জয়পুর ব্লক এলাকা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর সামনে এসেছে। ফলে বর্ষার বৃষ্টি নয়, এ দিনের মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে ঝড় ও বিদ্যুতের তাণ্ডব।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, আকাশে কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাতের সতর্কবার্তা জারি হলে খোলা মাঠ, গাছের নিচে কিংবা টিনের ছাউনি থেকে দূরে নিরাপদ আশ্রয়ে থাকা উচিত।
বর্ষার মরশুমে পুরুলিয়ার আকাশে এখন বৃষ্টির চেয়ে বজ্রপাতই যেন বেশি সক্রিয়। আর সেই কারণেই বাড়ছে সতর্কতার প্রয়োজন।