উৎসবের আলোয় রাজনীতি টুকরো খবর

বাঁদনায় পিঠে খেতে ফের জঙ্গলমহলে 'কুটুম' মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় জানালেন অজিতপ্রসাদ মাহাতো

চলতি মাসের ১২ তারিখ বাঁকুড়ার রায়পুরের হলুদকানালিতে আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে ঐতিহ্যবাহী ঘিয়ে ভাজা পিঠে খাইয়ে আপ্যায়ন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংগঠন।
বাঁদনায় পিঠে খেতে ফের জঙ্গলমহলে 'কুটুম' মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় জানালেন অজিতপ্রসাদ মাহাতো

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

জঙ্গলমহলে নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত সেপ্টেম্বর মাসে পুরুলিয়ার করম উৎসবে এসে কুড়মি সমাজের হাতে তৈরি পিঠে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা এবার বাঁকুড়ার মাটিতে। চলতি মাসের ১২ তারিখ বাঁকুড়ার রায়পুরের হলুদকানালিতে আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে ঐতিহ্যবাহী ঘিয়ে ভাজা পিঠে খাইয়ে আপ্যায়ন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংগঠন।

মঙ্গলবার বাঁকুড়ার অম্বিকানগরে সংগঠনের রাজ্য কমিটির বৈঠক ও কেশরা হাইস্কুলে এক প্রস্তুতি সভার পর এই সিদ্ধান্তের কথা জানান আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। বলেন, "বাঁদনা পরবের সমস্ত রীতিনীতি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। "

অন্যদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আইনি লড়াই নিয়েও এদিনের বৈঠকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সোমবার পুরুলিয়ার মানবাজারের মহাসমাবেশ থেকে কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তির দাবির বিরুদ্ধে ওঠা উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অজিত বাবু । এই বিষয়ে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কমিটি। পাশাপাশি, অনেক সাঁওতাল ভাই-বোনও যে তাদের দাবির পক্ষে রয়েছেন, সেই বার্তা মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে তাঁর নজরে আনা হবে বলে জানিয়েছেন কুড়মি নেতৃত্ব।

উল্লেখ্য, জঙ্গলমহলের গণ্ডী পেরিয়ে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডেও সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে। বিশেষ করে মহিলা শাখা 'মেহরারু দঁহগী'-কে শক্তিশালী করতে গত এক মাস ধরে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে লাগাতার বৈঠক করেছেন মূল মানতা। তিনি বলেন, "সমাজের মহিলারা বুঝতে পারছেন আন্দোলনের গুরুত্ব, তাই বেশি বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে।"