নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ভারত জাকাত মাঝি পারগানা মহল-র আহ্বানে এবং বিভিন্ন আদিবাসী গণসংগঠনের সহায়তায় অনুষ্ঠিত হলো এক বিশাল আদিবাসী মহাসমাবেশ। সোমবারে পুরুলিয়ার মানবাজারের পাথরকাটা ফুটবল ময়দানে।
দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।
এদিনের মহাসমাবেশ থেকে কুড়মি মাহাতো সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ভারত জাকাত মাঝি পারগানা মহলের পুরুলিয়া জেলা পারগানা রতনলাল হাঁসদা স্পষ্ট ভাষায় বলেন, "অ-আদিবাসীদের অবৈধভাবে আদিবাসী হওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতেই আমাদের এই জমায়েত।"
তিনি আরও অভিযোগ করেন, বারবার আবেদন নাকচ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তায় কুড়মি সম্প্রদায়ের আদিবাসী তালিকাভুক্তির যে প্রচেষ্টা চলছে, তার তীব্র প্রতিবাদ জানাতেই এই আন্দোলন। এদিনের সমাবেশে বিপুল সংখ্যক নারীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আদিবাসী সমাজের ঐক্যকে সামনে নিয়ে এসেছে।