সাধারণ খবর শিক্ষা

পুরুলিয়ার ৭ বিএড কলেজে বড় ধাক্কা! নতুন শিক্ষাবর্ষে ভর্তি বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের

জেলার সাতটি বিএড কলেজের অনুমোদন পুনর্নবীকরণ করল না বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ওই কলেজগুলিতে নতুন করে পড়ুয়া ভর্তি করা যাবে না।
পুরুলিয়ার ৭ বিএড কলেজে বড় ধাক্কা! নতুন শিক্ষাবর্ষে ভর্তি বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের

 


নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

জেলার সাতটি বিএড কলেজের অনুমোদন পুনর্নবীকরণ করল না বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ওই কলেজগুলিতে নতুন করে পড়ুয়া ভর্তি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তালিকায় রয়েছে হলধর মাহাতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আনন্দমার্গ গুরুকুল টিচার্স ট্রেনিং কলেজ, দেবেন মাহাতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, রামকৃষ্ণ মাহাতো মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, নির্মল চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সীমান্ত মানভূম টিচার্স ট্রেনিং কলেজ এবং পাঠক কলেজ অফ এডুকেশন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় এই কলেজগুলি অনুমোদন পুনর্নবীকরণের যোগ্য বলে বিবেচিত হয়নি। ঘাটতি পূরণ করে পরবর্তী ২০২৭-২৯ শিক্ষাবর্ষের জন্য অনুমোদন পাওয়ার উপযুক্ত হয়ে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু পুরুলিয়া নয়, এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে একসঙ্গে ২৭৫টি বিএড কলেজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি শিক্ষামহলের একাংশের। এই পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, এতগুলি কলেজ বন্ধ হয়ে গেলে তার সঙ্গে যুক্ত কর্মচারী এবং পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি আগামী দিনে যোগ্য শিক্ষক প্রার্থীরও অভাব দেখা দিতে পারে। তাঁর কথায়, ‘‘এ ভাবে একসঙ্গে এত কলেজ বন্ধ হয়ে গেলে শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। অবিলম্বে সরকারের উচিত হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করা।’’