নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
জেলাজুড়ে বেআইনি মদের কারবার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ ও আবগারি দপ্তর। বুধবার যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণ বেআইনি চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল।
গোপন সূত্রে খবর পেয়ে প্রথম অভিযানটি চালানো হয় কোটশিলা থানার কাঁড়িয়র গ্রামে। সেখানে প্রায় ৪,০০০ লিটার মদ তৈরির উপকরণ এবং ৪০ লিটার বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।
এরপরই রিগিদ গ্রামে দ্বিতীয় অভিযান চালায় যৌথ দল। সেখান থেকে ৬০ লিটার বেআইনি চোলাই, ১৫ লিটার দেশি মদ, ৩ লিটার বিদেশি মদ ও ৬ লিটার বিয়ার উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে অভিযানের আঁচ পেয়ে মজুতকারীরা সে সব ফেলে পালিয়ে যায়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় বেআইনি মদের তৈরি, মজুত ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে এই ধরনের তল্লাশি অভিযান ভবিষ্যতেও টানা চলবে ।