সাধারণ খবর ব্লক

পুরুলিয়ার কাটাবেড়া ঘাটে জেসিবি দিয়ে বালি তোলার অভিযোগ, বিক্ষোভে মহিলারা

বৃহস্পতিবার সকালে এলাকার মহিলারা বালি ঘাটে মিলিত হয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, "দিন দুপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে বালি লুঠ করা হচ্ছে। প্রশাসন কি সেটা দেখতে পাচ্ছে না?"
পুরুলিয়ার কাটাবেড়া ঘাটে জেসিবি দিয়ে বালি তোলার অভিযোগ, বিক্ষোভে মহিলারা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ফের সরকারী নিষেধাজ্ঞা উড়িয়ে জেসিবি দিয়ে  বালি তোলার অভিযোগ উঠল পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাটাবেড়া কংসাবতী নদী ঘাটে। প্রতিবাদে বৃহস্পতিবার ওই সরকারী বালি ঘাটে গিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। পাশাপাশি বালিঘাটে চালান কাটার জন্য যে অস্থায়ী অফিস রয়েছে , সেই অফিসের কর্মীদের ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। ফলে সাময়িক ভাবে ওই সরকারী বালি ঘাটে উত্তেজনা ছড়ায়। নদীতে বালি উত্তোলনের জন্য ব্যবহৃত তিনটি জেসিবি বন্ধ করে দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাটাবেড়া কংসাবতী নদী ঘাটটি থেকে বালি তোলার অনুমোদন দিয়েছে সরকার। দুর্গাপূজার পর  ওই বালিঘাট থেকে বালি উত্তোলন শুরু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, অনুমোদন পাওয়ার পর থেকেই দিবারাত্রি ৩ টি জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে। এমনিই বালি বোঝাই ট্রাক্টরের দাপটে বাড়ি থেকে বার হওয়া মুশকিল হয়ে পড়েছে।  ট্রাক্টরের আওয়াজে রাতের ঘুম উড়ে গিয়েছে। তার উপর ঘাটমালিকের কর্মীরা বুধবার জানায়, শ্রমিক দিয়ে নদী থেকে ট্রাক্টরে বালি উত্তোলন করা যাবে না। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এদিন সকালে এলাকার  মহিলারা বালি ঘাটে মিলিত হয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, "দিন দুপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে বালি লুঠ করা হচ্ছে। প্রশাসন কি সেটা দেখতে পাচ্ছে না?"