রাজনীতি

ফোন ধরেন না নেতারা, ক্ষোভে দল ছাড়লেন পুরুলিয়া জেলা পরিষদের ৪ কর্মাধ্যক্ষ

এ বার পুরুলিয়া জেলা পরিষদের চার কর্মাধ্যক্ষের পদত্যাগে তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পদত্যাগের কথা জানান জয়মল ভট্টাচার্য্য, অজিত বাউরি, নমিতা সিং মুড়া এবং নীলাঞ্জনা পট্টনায়ক চট্টোপাধ্যায়।
ফোন ধরেন না নেতারা, ক্ষোভে দল ছাড়লেন পুরুলিয়া জেলা পরিষদের ৪ কর্মাধ্যক্ষ

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সভাধিপতি আগেই ছেড়েছেন দলের পদ, অনাস্থায় অপসারিত সহ সভাধিপতি। এ বার পুরুলিয়া জেলা পরিষদের চার কর্মাধ্যক্ষের পদত্যাগে তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনা। সভাধিপতি নিবেদিতা মাহাতোর পরে এ বার দলের সমস্ত পদ থেকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পদত্যাগের কথা জানান জয়মল ভট্টাচার্য্য, অজিত বাউরি, নমিতা সিং মুড়া এবং নীলাঞ্জনা পট্টনায়ক চট্টোপাধ্যায়।

জয়মল জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, অজিত কৃষি ও সেচ, নমিতা খাদ্য সরবরাহ এবং নীলাঞ্জনা বিদ্যুৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের দায়িত্বে।
এর আগে অনাস্থা প্রস্তাবের জেরে সহ সভাধিপতির পদ থেকে অপসারিত হয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়। চার কর্মাধ্যক্ষের ইস্তফার পরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতে। সুমিতা সিংহ মল্ল সহ পাঁচ কর্মাধ্যক্ষের পাশাপাশি সাধারণ সদস্য যুগনিবালা গরাঁইও দল ছেড়েছেন। জেলা পরিষদ সূত্রের খবর, আগামী দিনে আরও ছ’–সাত জন সদস্য তৃণমূলের সঙ্গ ছাড়তে পারেন।

দলত্যাগীদের প্রধান ক্ষোভ নাকি দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে। অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে জেলা তৃণমূলে এমন কোনও নেতা নেই, যিনি কর্মাধ্যক্ষদের প্রয়োজনীয় দিশা দেখাতে পারেন। এমনকি পূর্বতন জেলা সভাপতিরাও কর্মাধ্যক্ষদের ফোন ধরেন না বলে অভিযোগ। অন্য দিকে, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, জনস্বাস্থ্যের প্রতিমা সরেন, শিক্ষার সমরজিৎ মাহাতো এবং নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো পদত্যাগ না করলে তাঁদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে জেলা পরিষদ সূত্রে খবর।