দেবীলাল মাহাতো, পুরুলিয়া:
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে কত কিছুই না ভাইরাল হয়। এবার ভাইরাল হল পরিবারে কন্যাসন্তান আসার আনন্দের এক মুহূর্ত।।তিন-চারটি লাইনের ছোট একটা ফেসবুক পোস্ট। আর সেই পোস্টেই নেটপাড়ায় আলোড়ন। ইতিমধ্যেই পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যে ১.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন।
কী সেই পোস্ট?
রবিবার দুপুরে পুরুলিয়া ২নম্বর ব্লকের চয়েনপুর গ্রামের বাসিন্দা তথা কোটশিলা কলেজের বাংলা বিভাগের স্যাক্ট অধ্যাপক জয়দেব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী লাভলি মুখোপাধ্যায় দেবেন মাহাতো সদর হাসপাতালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। তারপরেই বাবা হওয়ার আনন্দ আর ধরে রাখতে পারেননি জয়দেব বাবু । বিকেলেই ফেসবুকে মেয়ে হওয়ার খবর জানিয়ে একটি ছোট্ট পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন , "বাবা হলাম। কন্যাসন্তান । ভীষণ ভীষণ ভীষণ খুশি ..... আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন। " ব্যস মুহূর্তের মধ্যেই সেই পোস্ট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এক দিন কাটতে না কাটতেই ভিউয়ের সংখ্যা ১০ লক্ষ পার। লাইক, কমেন্ট, শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। এদিন জয়দেব ব্যানার্জী বলেন, "ছোট একটি ফেসবুক পোস্টের জন্য মানুষের এত ভালোবাসা পাবো , ভাবতে পারিনি।" আর জয়দেবের বাবা প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, " আমার একমাত্র ছেলের প্রথম সন্তান মেয়ে হওয়ায় পরিবারের সকলে খুব খুশি।"
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আজকাল স্যোশাল মিডিয়ায় খারাপ বা বিতর্কিত পোস্ট ভাইরাল হয়। কিন্তু একটি কন্যাসন্তান জন্মের মতো খবরকে নেটপাড়ার মানুষ যে ভাবে আপন করে নিয়েছেন, তা সত্যিই আনন্দ ও গর্বের বিষয়। তাছাড়া যেখানে মানুষ কন্যা সন্তানকে অবহেলা করে তাকে পুষ্টি, শিক্ষা থেকে বঞ্চনা করে এমনকি বাল্যবিবাহের দিকে ঠেলে দেয়, সেখানে এরকম পোস্ট ভাইরাল হওয়ার মধ্য
দিয়ে বোঝা যায় যে নতুন প্রজন্ম ক্রমশ কন্যাসন্তানকে মর্যাদা ও অধিকার দিতে তৈরী হচ্ছে। যা সমাজের পক্ষেও একটি ভালো বার্তা।"