ক্রাইম ব্লক

কম সময়ে টাকা দ্বিগুণ! ফাঁদে পড়ে সর্বস্বান্ত পুরুলিয়ার এক তরুণী

বিদেশি একটি বিনিয়োগ সংস্থায় টাকা রাখলে কয়েক দিনেই তা দ্বিগুণ হয়ে যাবে,এমনই প্রলোভনে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়াতে হয়েছে পুরুলিয়ার এক তরুণীকে। এই ঘটনায় বুধবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণীর বাবা।
কম সময়ে টাকা দ্বিগুণ! ফাঁদে পড়ে সর্বস্বান্ত পুরুলিয়ার এক তরুণী

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কম সময়ে টাকা দ্বিগুণ হওয়ার চটজলদি ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হলেন পুরুলিয়ার এক তরুণী। বিদেশি একটি বিনিয়োগ সংস্থায় টাকা রাখলে কয়েক দিনেই তা দ্বিগুণ হয়ে যাবে,এমনই প্রলোভনে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়াতে হয়েছে তাঁকে। এই ঘটনায় বুধবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণীর বাবা। অভিযোগের ভিত্তিতে একটি মোবাইল নম্বর ও দুটি ব্যাংক অ্যাকাউন্টকে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানা এলাকায়। মঙ্গলবার বিকেলে ওই তরুণীর ফোনে একটি লোভনীয় বার্তা আসে। যেখানে দাবি করা হয়, একটি বিদেশি বিনিয়োগ সংস্থায় টাকা জমা করলে খুব অল্প সময়েই তা দ্বিগুণ হয়ে যাবে। সেই প্রলোভনে অন্ধ হয়েই প্রতারকদের দেওয়া দুটি ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে মোট ১ লক্ষ ১৮ হাজার ৫০৮ টাকা পাঠিয়ে দেন ওই তরুণী।

প্রতারকরা ফের ওই তরুণীকে ফোন করে আরও টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পেরে পরিবারের দ্বারস্থ হন তিনি। ঘটনার পরই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, যে নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টগুলির মাধ্যমে এই জালিয়াতি চালানো হয়েছে, সেগুলি চিহ্নিত করে প্রতারকদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে।