নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন কালীপুজোকে সামনে রেখে জেলাজুড়ে বিশেষ অভিযান ও নাকা চেকিং শুরু করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ অভিযান চালিয়ে পুরুলিয়া -বাঁকুড়া রাজ্য সড়কের ভাঙড়া বটতলা এলাকা থেকে এক স্কুটি আরোহীর কাছ থেকে উদ্ধার করে ৪.৬ লিটার অবৈধ ফেনসিড্রিল কাশির সিরাপ। ঘটনায় অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শেখ জাকির ওরফে কোটাকে। পুলিশ জানায়, তার বাড়ি হুটুমুড়া এলাকায়।
পুলিশ জানায়, এর আগেও অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য, অস্ত্র এবং ডাকাতি সংক্রান্ত একাধিক মামলায় গ্রেফতার হয়েছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই অবৈধ ফেনসিড্রিল কারবারের সঙ্গে যুক্ত আরও ২-৩ জন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখছে মফস্বল থানার পুলিশ। বিশেষ অভিযান ও নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।