নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চার কর্মাধ্যক্ষের ইস্তফার রেশ কাটতে না কাটতেই ফের ধাক্কা পুরুলিয়া জেলা তৃণমূলে। বৃহস্পতিবার দল ছাড়ার কথা জানালেন আরও তিন জেলা পরিষদ সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন সাঁতুড়ির কমল মণ্ডল, নিতুড়িয়ার বাবুজান হেমব্রম এবং রঘুনাথপুর ২ নম্বর ব্লকের পরেশচন্দ্র বাউরি। সব মিলিয়ে জেলা পরিষদে তৃণমূল ছেড়ে যাওয়া সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।
এর আগে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পাঁচ কর্মাধ্যক্ষের মধ্যে সুমিতা সিংহ মল্ল-সহ চার জন এবং সাধারণ সদস্য যুগনিবালা গরাঁই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল আরও তিন নাম।
দলত্যাগীদের ক্ষোভের কেন্দ্রে রয়েছে জেলা নেতৃত্বের ভূমিকা। অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে জেলা তৃণমূলে এমন কোনও নেতা নেই, যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের প্রয়োজনীয় দিশা দেখাতে পারেন। এমনকি পূর্বতন জেলা সভাপতিরাও তাঁদের ফোন ধরেন না বলে অভিযোগ। নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং সাংগঠনিক দিশাহীনতাই দল ছাড়ার অন্যতম কারণ বলে দাবি বিক্ষুব্ধদের।
এদিকে পদত্যাগ না করলে বেশ কয়েকজন কর্মাধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে জেলা পরিষদ সূত্রে খবর। ফলে আগামী দিনে জেলা পরিষদে তৃণমূলের সাংগঠনিক সঙ্কট আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে।