সুইটি চন্দ্র, পুরুলিয়া:
২০২২ সাল থেকে পথচলা শুরু করে সুর ও সংস্কৃতির জগতে ইতিমধ্যে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে স্থানীয় একটি খ্যাতনামা মিউজিক একাডেমি 'দি ফার্স্ট বিট একাডেমি'। এর আগে 'ওয়ার্ল্ড মিউজিক ডে' এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে একাধিক সফল পারফরম্যান্সের আয়োজন করলেও, এবারই প্রথম তারা আয়োজন করেছিল 'রবীন্দ্র জয়ন্তী'র। নাচ, গান, আবৃত্তি এবং নাটকের মেলবন্ধনে একাডেমির ৪র্থ বছরের এই অনুষ্ঠানটি এক কথায় দারুণভাবে সফল।
একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে কবিপ্রণামের এই অনুষ্ঠানটিকে আরও বড়পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে বর্তমান যুগের সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মানসিকতা নিয়ে একদিকে গভীর উদ্বেগ, অন্যদিকে আশা প্রকাশ করেন দি ফাস্ট বিট একাডেমির কর্ণধার অর্ঘ্যদীপ সিনহা। তিনি বলেন, "বর্তমান প্রজন্ম যেভাবে সম্পূর্ণ ইন্টারনেটমুখী হয়ে পড়ছে, তাতে আমাদের মূল ধারার সাহিত্য চর্চা অনেক কমে গেছে। ইন্টারনেট বা প্রযুক্তির ব্যবহার খারাপ নয়, তবে তার পাশাপাশি আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা ইন্টারনেটের দুনিয়ায় থাকার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা করো এবং নিজেদের বাঙালি সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রাখো। রবীন্দ্র জয়ন্তীর মতো আয়োজনগুলো তরুণদের এই সংস্কৃতির প্রতি টান বাড়াতে সাহায্য করবে।"
কেবল প্রথাগত শিক্ষা নয়, আধুনিক ও শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই একাডেমিতে। বর্তমানে এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা। স্প্যানিশ গিটার, কিবোর্ড, পিয়ানো, বেস গিটার এবং ড্রামস অত্যন্ত যত্নের সাথে শেখানো হয়। শেখানো হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকাল। যারা বিভিন্ন রিয়ালিটি শো-তে অংশ নিতে চায়, তাদের মঞ্চের উপযোগী করে তুলতে এখানে রয়েছে বিশেষ 'গ্রুমিং'-এর সুব্যবস্থা।