নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
ট্রেনে ফেলে যাওয়া যাত্রীর ব্যাগ উদ্ধার করে ফের নজির গড়ল আরপিএফ । রেলের অপারেশন আমানত-এর আওতায় বৃহস্পতিবার পুরুলিয়া আরপিএফ পোস্টের তৎপরতায় এক যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর, বরাবাজার থানার ভেলাইডি গ্রামের বাসিন্দা বছর ঊনত্রিশের যুবক শ্যামাপদ মাহাতো চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেসে সফর করছিলেন। চান্ডিল স্টেশনে খাবার কিনতে ট্রেন থেকে নামেন। ছেড়ে দেয় ট্রেন। ব্যাগ রয়ে যায় ট্রেনেই।
খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুরুলিয়া আরপিএফ পোস্ট। এএসআই রাজীব রঞ্জন, হেড কনস্টেবল দীপ নারায়ণ মাঝি এবং কনস্টেবল রণজিৎ কুমার প্রথমে পুরুলিয়া স্টেশনে ট্রেনের কোচে তল্লাশি চালান। পরে ট্রেন কুস্তাউরের দিকে যাওয়ার সময় পুনরায় অনুসন্ধান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়।
ব্যাগে নগদ ১০ হাজার টাকা ছাড়াও ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ব্যক্তিগত সামগ্রী। উদ্ধার হওয়া ব্যাগটি নিরাপদে আরপিএফ পোস্টে নিয়ে এসে যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পরিচয় যাচাই করে ব্যাগটি তাঁর হাতে তুলে দেয় আরপিএফ। তাদের তৎপরতায় মুগ্ধ রেলযাত্রীরা।