স্বাস্থ্য শহর

আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে, অ্যাসল্ট গ্রুপ থেকে হাউজ গার্ড, সকলকে নিয়ে যোগাভ্যাস ঝালদা এসডিপিও-র

শিকারা পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এসডিপিও কার্যালয় পরিণত হয়েছিল এক উন্মুক্ত যোগমঞ্চে। ঝালদা মহকুমা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু সাধারণ পুলিশকর্মী নন, কাঁধে কাঁধ মিলিয়ে যোগাসনে অংশ নিলেন উচ্চপদস্থ কর্তারাও।
আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে, অ্যাসল্ট গ্রুপ থেকে হাউজ গার্ড, সকলকে নিয়ে যোগাভ্যাস ঝালদা এসডিপিও-র

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে এক অভিনব উদ্যোগ নিল ঝালদা মহকুমা পুলিশ। আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার প্রাক্কালে, সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার এক বিশেষ প্রস্তুতিমূলক যোগাভ্যাস শিবিরের সাক্ষী থাকল ঝালদা।

শিকারা পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এসডিপিও  কার্যালয়  পরিণত হয়েছিল এক উন্মুক্ত যোগমঞ্চে। ঝালদা মহকুমা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু সাধারণ পুলিশকর্মী নন, কাঁধে কাঁধ মিলিয়ে যোগাসনে অংশ নিলেন উচ্চপদস্থ কর্তারাও।
দৈনন্দিন ডিউটির মানসিক চাপ কাটিয়ে সুস্থ জীবনযাপনের বার্তা দিতে এই শিবিরের আয়োজন করা হয়। যেখানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ঝালদা মহকুমা পুলিশের অ্যাসল্ট গ্রুপ, রিজার্ভ ফোর্স, হাউজ গার্ড,এবং অন্যান্য ফোর্সের সক্রিয় সদস্যবৃন্দ।
সমগ্র কর্মসূচিতে ঝালদা শহরের বিশিষ্ট সমাজসেবী তথা প্রখ্যাত যোগ প্রশিক্ষক সুজয় বন্দ্যোপাধ্যায়ের  প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় পুলিশকর্মীরা বিভিন্ন জটিল আসন ও প্রাণায়াম অভ্যাস করেন।ব্যস্ততম রুটিনের মধ্যেও এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিলেন খোদ ঝালদার এসডিপিও গৌরব ঘোষ।
তিনি কেবল উপস্থিতই থাকেননি। বরং সাধারণ পুলিশকর্মীদের পাশে বসে প্রতিটি যোগাভ্যাস নিখুঁতভাবে সম্পন্ন করেন, যা উপস্থিত ফোর্সকে দারুণভাবে অনুপ্রাণিত করে। সব মিলিয়ে মোট ২৫ জন এই শিবিরে অংশ নিয়েছিলেন।