নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
অভিনবভাবে জয়ের উল্লাসে ঝালমুড়ি বিতরণ করছেন বিজেপি কর্মীরা। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পথচলতি সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিলি করে উৎসবের আবহ তৈরি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির পেছনে রয়েছে ভোট প্রচারে নরেন্দ্র মোদির ঝাড়গ্রাম সফরের স্মৃতি। সেই সময় প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজেপি জেলা কমিটির সদস্য আনন্দ কর্মকার বলেন, ২০১৪ সালে তিনি জেলা সম্পাদক ছিলেন এবং তখন থেকেই দলের সঙ্গে যুক্ত। তিনি জানান, “পশ্চিমবঙ্গের মানুষ মন খুলে ভোট দিয়েছেন, সেই জয়ের আনন্দেই আমরা এই ঝালমুড়ি খাওয়ানোর আয়োজন করেছি। এটা মানুষের জয় উদযাপনের একটা প্রতীক।”
তিনি আরও বলেন, "আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হবে। আমরা চাই মহিলারা যেন রাতেও নিরাপদে চলাফেরা করতে পারেন ।"
এই ঝালমুড়ি বিতরণ ঘিরে পুরুলিয়া শহরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষও এতে অংশ নেন বিজেপির জয়ের আনন্দ ভাগ করে নেন।