নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাম নেতৃত্বকে ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে গিয়ে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ও বিস্ফোরক মন্তব্য করেন।
আরএসএস নিয়ে সেলিম সাহেবের বক্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি সাংসদ বলেন, "রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানতে গেলে আগে সংঘের স্বয়ংসেবক হতে হয়।" বাম নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, উনি তো একটা রাজনৈতিক দলের নেতা হয়েছেন, আর দাবি করেন যে তাঁদের সবাই নাকি সেকুলার।
ধর্মনিরপেক্ষতার প্রমাণ দেওয়া প্রসঙ্গে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদাহরণ টেনে জ্যোতির্ময় সিং মাহাতো তোপ দাগেন। তিনি বলেন, "বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোমাংস খেয়ে নিজেকে সেকুলার হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন।"
এরপরেই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে তিনি বিতর্কিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমি সেলিম সাহেবকেও বলব, একবার শুকরের মাংস খেয়ে আগে আপনি নিজেকে ধর্মনিরপেক্ষর পরিচয় দিন, তার পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরে আঙুল তুলবেন।"
পুরুলিয়ার সাংসদের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে চরম জল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।