নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়াবাসীর জন্য এক বিরাট সুখবর! দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পুরুলিয়া হয়ে সরাসরি রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই নতুন ট্রেনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাজস্থানের সাথে পুরুলিয়া ও আশেপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ এগিয়ে গেল।
রেলওয়ে বোর্ডের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি-খাঁটিপুরা (জয়পুর) এক্সপ্রেসটি সপ্তাহে একদিন চলবে। প্রতি বুধবার ট্রেনটি সাঁতরাগাছি থেকে রওনা দেবে এবং শুক্রবার খাঁটিপুরা থেকে ছাড়বে। খড়্গপুর, টাটানগর, চান্ডিল হয়ে ট্রেনটির কমার্শিয়াল স্টপেজ রয়েছে পুরুলিয়া স্টেশনে। এরপর সেটি রাঁচি, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, আগ্রা হয়ে গন্তব্যে পৌঁছাবে।