নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
আন্তর্জাতিক যোগ দিবসের আগেই জেলায় যোগচর্চার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি), পুরুলিয়া। আগামী ২১ জুন ‘যোগ সঙ্গম ২০২৬’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ডিপিএসসির উদ্যোগে একটি যোগাভ্যাস শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে জেলা শিক্ষা দফতরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং ডিপিএসসি-র আধিকারিক ও কর্মচারীরা একসঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। আয়োজকদের বক্তব্য, নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ গড়ে তোলার বার্তাই তুলে ধরা হয়েছে এ দিনের অনুষ্ঠানে।
শিক্ষা দফতরের আধিকারিকেরা জানান, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার সমস্ত সার্কেল ও বিদ্যালয়কে সক্রিয় ভাবে ‘যোগ সঙ্গম ২০২৬’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষা দফতর ও জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে কর্মসূচি পালনের উপরও জোর দেওয়া হয়েছে।
জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কানাইলাল বাঁকুড়া বলেন, ‘‘বিদ্যালয় স্তরে যোগচর্চার প্রসার ঘটানো এবং সুস্থ জীবনযাপনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।’’ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
জেলা শিক্ষা দফতরের আশা, এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহ বাড়বে এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা আরও বিস্তৃত পরিসরে পৌঁছে যাবে।