নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গঙ্গাজল ছিটিয়ে পুরুলিয়া শিক্ষা ভবনের শুদ্ধিকরণ? শিক্ষা দপ্তরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি তুলে অভিনব কর্মসূচি পালন করল বিজেপি টিচার্স সেল। বুধবার পুরুলিয়া শিক্ষা ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি দপ্তরের কর্মী ও আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে গেরুয়া তিলক পরানো হয়। টিচার্স সেলের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসছে। সেই কারণেই এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে স্বচ্ছ প্রশাসনের বার্তা দেওয়া হয়েছে।
বিজেপির টিচার্স সেলের আহ্বায়ক শুভেন্দু দত্ত বলেন,“শিক্ষা দপ্তর সাধারণ মানুষের ভরসার জায়গা। সেখানে কোনও রকম দুর্নীতি বা অনিয়ম চলতে পারে না। আমরা চাই প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করুক এবং শিক্ষক- শিক্ষিকারা ন্যায্য পরিষেবা পান।”
বিজেপি নেতা প্রসুন মুখোপাধ্যায় অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরে নানা অনিয়ম ও অভিযোগ সামনে এসেছে। বহু শিক্ষক সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই কারণেই আমরা প্রতীকী শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছি।”
বিজেপি নেতা নীলোৎপল সিং বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি যে শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির বাইরে রাখতে হবে। সাধারণ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।”
বিজেপি সংগঠনের মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ জানান, “ভবিষ্যতে যদি শিক্ষা দপ্তরে কোনও দুর্নীতির অভিযোগ সামনে আসে, তাহলে বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে আমরা লাগাতার নজরদারি চালাব।”
বিজেপি টিচার্স সেলের দাবি, শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও শিক্ষকবান্ধব করতেই তাদের এই উদ্যোগ।