নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
আবারও তৃণমূল কংগ্রেস ছাড়লেন পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাসরঞ্জন দাস। সম্প্রতি হাইকোর্টের রায়ে পুরুলিয়া পুরসভার নির্বাচিত বোর্ড পুনর্বহাল হওয়ার পর কাউন্সিলর পদ ফিরে পেয়েছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সোমবার তৃণমূলের জেলা সভাপতি রাজীবলোচন সরেনের কাছে সাদা কাগজে লেখা একটি চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানান বিভাসরঞ্জন। যদিও তিনি দলের কোনও সাংগঠনিক পদে ছিলেন না, তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন।
তৃণমূল থেকে বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ সিংহভাগ বিধায়ক বেরিয়ে যেতেই তৃণমূলের সব কমিটি ভেঙে দিয়েছিলেন মমতা। সেই হিসেবে রাজীবলোচন সরেন দলের জেলা সভাপতি আর নন। এই পরিস্থিতিতে ‘রাজীব সরেন’' বলে তাঁকে উল্লেখ করে নিতান্ত দায়সারা পদত্যাগ ঘিরে উপহাসও কম হচ্ছে না রাজনৈতিক মহলে।
কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসে। দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীররঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। মাঝখানে কিছু সময়ের জন্য ফের কংগ্রেসে ফিরে গেলেও পরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এবার ফের তৃণমূল ত্যাগ করায় তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে।
সম্প্রতি আবাস যোজনা প্রকল্পে কাটমানি সংক্রান্ত বিতর্কে তাঁর নাম উঠে এসেছিল। সেই ঘটনার পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় নানা রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। ঘনিষ্ঠ মহলে তিনি তৃণমূলের সাম্প্রতিক রাজনৈতিক পরাজয়ের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বলে রাজনৈতিক সূত্রের দাবি।
এখন রাজনৈতিক মহলের মূল প্রশ্ন—বিভাসরঞ্জন দাসের পরবর্তী গন্তব্য কোথায়? তিনি কি ফের কংগ্রেসে ফিরবেন, নাকি তৃণমূলের বিক্ষুব্ধ রাজনৈতিক শিবিরে যোগ দেবেন?