নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল এক ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি সমগ্র দেশবাসীর আবেগ, প্রেরণা এবং পথপ্রদর্শক। তাঁকে ঘিরে যেকোনো ধরনের অবমাননা বা রাজনীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "নেতাজির মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেললে কাউকেই ছাড় দেওয়া হবে না তিনি যে দলেরই প্রভাবশালী নেতা হন না কেন।"
সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ লাগাতার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই কাজে সামিল তাঁর অনুগামীরাও বলে অভিযোগ। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন জ্যোতির্ময়।
পাশাপাশি সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা নিয়েও মুখ খোলেন সাংসদ। এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে যার বা যাদের নামই উঠুক না কেন, কাউকেই রেয়াত করা হবে না"।
এর পাশাপাশি আর জি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখা জরুরি। অতীতের শাসনের সঙ্গে বর্তমান প্রশাসনিক পদক্ষেপের তুলনা টেনে তিনি বলেন, "আগের মতো অপরাধীদের আড়াল করার দিন শেষ। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত"।