টুকরো খবর শহর

এক ধাক্কায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

বৃহস্পতিবার যেখানে ঝালদায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৬ টাকা ৭২ পয়সা, শুক্রবার তা এক ধাক্কায় ৩ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ২ পয়সায়। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩ টাকা ৩৩ পয়সা থেকে ৩ টাকা ১১ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ৪৪ পয়সা।
এক ধাক্কায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


আশঙ্কা ছিলই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত হতে পারে ভারতও। সত্যি হলো সেই আশঙ্কাই। ভোটের পর বিরাট ধাক্কা জনজীবনে। বেড়ে গেলো পেট্রোল ও ডিজেলের দাম। আর এই মূল্যবৃদ্ধির  খবর চাউর হতেই পুরুলিয়াসহ তার পার্শ্ববর্তী এলাকায়  ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। বৃহস্পতিবার যেখানে ঝালদায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৬ টাকা ৭২ পয়সা, শুক্রবার তা এক ধাক্কায় ৩ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ২ পয়সায়। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩ টাকা ৩৩ পয়সা থেকে ৩ টাকা ১১ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ৪৪ পয়সা। 
অটো চালক বাবু মোদক বলেন,
"ভোটের সময় কত বড় বড় কথা শোনা গেল। আর ভোট মিটতেই হঠাৎ করে তেলের দাম এতটা বাড়িয়ে দেওয়া হলো? আমাদের তো কোনো ফিক্সড মাইনে নেই। রাস্তায় গাড়ি নামালে তেলের খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়ে সংসার চলে।"

স্থানীয় বাসিন্দা মনোজ কুমার দে  বলেন, "নতুন সরকার আসার পর মানুষ আশা করেছিল কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু শুরুতেই এই ধাক্কা মেনে নেওয়া যাচ্ছে না। এবার কাঁচাবাজার থেকে শুরু করে সবকিছুর দাম বাড়তে শুরু করবে। মধ্যবিত্তরা সংসার চালাবে কী করে, সেটাই এখন বড় প্রশ্ন।"

কংগ্রেস নেতা তিজেন্দ্রনাথ মাহাত বলেন, "এই মূল্যবৃদ্ধি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জনবিরোধী। জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে পণ্য পরিবহণে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হতে বাধ্য। সাধারণ মানুষের পকেটে যে টান পড়ছে, তার জন্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই সমান দায়ী।"