রাজনীতি শহর

২১ নভেম্বর আবার পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী

আবার পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিয়ে ওই দিনই দ্বিতীয়ার্ধে পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২১ নভেম্বর তাঁর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
২১ নভেম্বর আবার পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আবার পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিয়ে ওই দিনই দ্বিতীয়ার্ধে পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২১ নভেম্বর তাঁর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রীর সফরের কারণে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর বাতিল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচিই বহাল রয়েছে। এই সফরে জনজাতি সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলার শিল্পায়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা।
পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, ২১ নভেম্বর দ্বিতীয়ার্ধে সৈনিক স্কুলের হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। তার পরে শহরের রবীন্দ্রভবনে তপশিলি জনজাতির একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত ১২ নভেম্বর বাঁকুড়ায় বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই এই বৈঠকের কথা জানিয়েছিলেন। অন্যদিকে ২০ নভেম্বর নবান্নে আদিবাসী কুড়মি সমাজের সঙ্গেও আলাদা বৈঠকে বসার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে আদিবাসী সংগঠনগুলির মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। জল, জঙ্গল, জমি নিয়ে জনজাতিদের অধিকারের প্রসঙ্গ উঠতে পারে বৈঠকে।

প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ
দক্ষিণবঙ্গের আহ্বায়ক রাজেন টুডু বলেন, "জঙ্গলমহলে শিল্পায়নের নামে দূষণ এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও জল-জঙ্গল-জমির সুরক্ষার দাবি নিয়ে আগামী ২১ তারিখে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি, বিভিন্ন সম্প্রদায়ের এসটি  তালিকাভুক্তির তীব্র বিরোধিতা করে আদিবাসীদের অস্তিত্ব, ভাষা, সংস্কৃতি ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার জোরালো দাবি জানানো হবে।"

সামাজিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পাশাপাশি পুরুলিয়ায় ভারী শিল্পের নতুন সম্ভাবনা নিয়েও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কোন শিল্প সংস্থাকে কোথায় জমি দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে জয় বালাজি শিল্পগোষ্ঠীর সম্ভাব্য বিনিয়োগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশাসন ও বিজেপি সূত্রের খবর, বাংলায় ফের শিল্প স্থাপনে আগ্রহী এই সংস্থার পছন্দের তালিকায় রয়েছে পুরুলিয়া। বাম আমলে রঘুনাথপুরে ইস্পাত প্রকল্প গড়তে ১৮ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিল জয় বালাজি। রঘুনাথপুরের দুরমুটে প্রকল্পের শিলান্যাসও হয়েছিল। সেই মতো জমি দিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ না থাকার অভিযোগ তুলে সংস্থাটি জেলা ছেড়ে চলে যায়। পরে সরকার তাদের কাছ থেকে জমিও ফিরিয়ে নেয়। সেই সংস্থাই ফের বাংলায় বিনিয়োগে আগ্রহী হওয়ায় প্রশ্ন উঠছে, এ বার কি তাদের গন্তব্য হতে চলেছে পুরুলিয়া? মুখ্যমন্ত্রীর বৈঠকে জমি সংক্রান্ত বিষয়টি উঠতে পারে বলে খবর।


সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,
"আগামীকাল দলীয় 'বিজয়া সম্মিলনী' অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । পাশাপাশি, আগামী ২১ তারিখ একটি বিশেষ সামাজিক বৈঠকে অংশ নিতে পুরুলিয়া জেলায় আসছেন মুখ্যমন্ত্রী।"

রাজ্যে ৭ মাস হলো ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরই মধ্যে নবম বারের জন্য জঙ্গলমহলে সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে মুখ্যমন্ত্রীর এই বিশেষ গুরুত্ব দেওয়ায় এগিয়ে যাওয়ার আশায় একদা পিছিয়ে পড়া তকমা পাওয়া জেলাগুলি।