নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্যের নির্দেশিকা অনুযায়ী পুরুলিয়া জেলাজুড়ে কড়াকড়ি শুরু করল পুলিশ প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে স্কুল চত্বরের ১০০ মিটারের মধ্যে কোনওরকম নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুল চলাকালীন ওই নির্দিষ্ট সীমানার মধ্যে কেউ ধূমপান করলে তাঁর বিরুদ্ধেও কড়া আর্থিক জরিমানার ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা শুরু হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর করতে জেলার বিভিন্ন স্কুলের আশেপাশে থাকা দোকানদারদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা প্রচার শুরু করেছে পুলিশ। থানাগুলিতেও এই বিষয়ে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের সুস্থ পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আগামী দিনে আরও কড়া আইনি পদক্ষেপ করা হতে পারে।