সুইটি চন্দ্র ও শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
বিজেপি নেতা গৌতম রায়ের জগদ্ধাত্রী পুজোয় সামিল হয়ে কুমারী পুজোর আড়ম্বর এবং সাবেকিয়ানা মাখা প্রসাদ বিতরণের মাঝেই তৃণমূল আমল ঘিরে তোপ পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। সব মিলিয়ে নবমীর তিথিতে জমজমাট পুরুলিয়ার জগদ্ধাত্রী আরাধনা। জেলার বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপগুলিতে যেমন ঐতিহ্য মেনে নিষ্ঠাভরে দেবীর আরাধনা চলেছে, তেমনই পুজো প্রাঙ্গণকে ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতিও।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো বন্ধ করেছিল তৃণমূল। বিগত সরকারের আমলে কালী প্রতিমাকে আমরা প্রিজন ভ্যানে তুলতে দেখেছিলাম। আমাদের বিজেপি নেতা গৌতম রায়ের এই জগদ্ধাত্রী পুজোও তৃণমূল বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তৃণমূল জমানাতেও পারেনি। আর আজ ধুমধাম করে পুজো হচ্ছে। সূর্যকে হাত দিয়ে আড়াল করা যায় না।"
পুরুলিয়া শহরের সরকার পাড়ার দুর্গা মন্দিরে জগদ্ধাত্রী পুজোয় মহানবমীর অন্যতম মূল আকর্ষণ ছিল কুমারী পুজো। ঢাক ও নানান বাদ্যযন্ত্রের তালে কুমারীকে মণ্ডপে এনে আসনে বসানো হয়। চলে মন্ত্রোচ্চারণ ও আরতি। প্রথাগত উপহারের পাশাপাশি কুমারীর হাতে তুলে দেওয়া হয় চকোলেটও। এদিন পুজোতে মুখ্যমন্ত্রীর নামে সংকল্প করা হয়।
বিজেপি রাজ্য কমিটির সদস্য গৌতম রায় বলেন "স্বামী বিবেকানন্দ মা সারদাকে 'জ্যান্ত দুর্গা' বলতেন এবং তিনিই আধুনিক যুগে কুমারী পূজার প্রচলন করেছিলেন। সনাতন ধর্মের ঐতিহ্য ও রীতির অংশ হিসেবে মাতৃশক্তির আরাধনা করা হয়। বর্তমানে চারিদিকে মাতৃশক্তির ওপর যে আঘাত ও অসম্মান নেমে আসছে, তার প্রতিবাদ জানাতে এবং নারী যে সাক্ষাৎ মহাশক্তিতা স্মরণ করিয়ে দিতেই এই কুমারী পূজার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।"
তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতিতে কুমারী পূজা মানেই জীবন্ত দুর্গারূপে মাতৃশক্তির আরাধনা। এই পূজায় নিয়ম মেনে ৫ থেকে ৬ বছরের বালিকাকে নতুন বস্ত্র, ফল ও নানা উপচারে দেবী দুর্গার মতো সাজিয়ে পূজা করা হয়। বিভিন্ন উপহারের পাশাপাশি তাকে দেওয়া হয় ক্যাডবেরি। মাতৃশক্তির সম্মান রক্ষার্থে এবং আমাদের এই ঐতিহ্য বজায় রাখতে যুগে যুগে কুমারী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে।
পুরুলিয়া শহর ও জেলার অন্যান্য প্রান্তেও এদিন ধরা পড়েছে জগদ্ধাত্রী পুজোর নানা বৈচিত্র্য। পুরুলিয়া শহরের বি.বি.দাস রোডের নন্দীবাড়ির জগদ্ধাত্রী পুজো এবার ৬১ বছরে। এখানেও নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।
তবে ভোগ রান্নার অভিনবত্বে নজর কেড়েছে কাশিপুরের শিয়ালডাঙার আচার্য পরিবারের পুজো। বংশপরম্পরার রীতি মেনে এদিন নবমীতে সেখানে মাত্র একটি উনুনেই একসঙ্গে ২২টি হাঁড়িতে দেবীর ভোগ রান্না করা হয়। সাবেকি প্রথা আর ভক্তদের ভিড়ে নবমীর সন্ধ্যায় জমজমাট হয়ে উঠেছিল গোটা জঙ্গলমহল।