ক্রাইম ব্লক

কাশিপুর গণধ*র্ষণ : কী হয়েছিল সেই রাতে?

যাত্রার আসরে কিছুক্ষণ থাকার পর মাঝরাতে কিশোরীকে বাইরে ডেকে নিয়ে যায় সুদীপ। তারপর চরম নির্যাতন। রাত পেরিয়ে সকাল। কোনও রকমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে যাত্রার আসরের আয়োজকদের কাছে পৌঁছায় কিশোরী। তাঁদের কাছে ঘটনার কথা জানায় সে।
কাশিপুর গণধ*র্ষণ : কী হয়েছিল সেই রাতে?

 


নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

যখন গ্রামের মাঠে মাইকে ভেসে আসছে যাত্রাপালার সংলাপ, গান আর বাজনার সুর, তখন মাঠ থেকে মাত্র বড়োজোর ৮০০ মিটার দূরে ঝোপঝাড়ের আড়ালে চলেছে এক জনজাতির কিশোরীর উপর পাশবিক নির্যাতন! গ্রাউন্ড জিরো থেকে যা রিপোর্ট তাতে উঠে আসছে মারাত্মক অভিযোগের কথা। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই যাত্রার আসর থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে প্রেমিক। পরে ডেকে আনে আরও পাঁচ জনকে। রাতভর চলে গণ ধর্ষণ। পুরুলিয়ার কাশিপুরের মাজরামুড়া গ্রামের সেই রাতের ঘটনায় এখন তোলপাড় জেলা। গ্রেফতার ছ’জনই। ভাইফোঁটার দিন নারীদের রক্ষায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো যে কথা বলেছিলেন, সেই সুরে সুর মিলিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটাই স্লোগান—বিকেলে জমা, সকালে খরচ’!
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বছর সতেরোর ওই জনজাতির কিশোরীর সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল সুদীপ ওরফে সাগেন মান্ডির। রবিবার রাতে মাজরামুড়া গ্রামে যাত্রাপালা দেখতে যাওয়ার জন্য কিশোরীকে ডাকে সে। যাত্রার আসরে কিছুক্ষণ থাকার পর মাঝরাতে কিশোরীকে বাইরে ডেকে নিয়ে যায় সুদীপ। তারপর চরম নির্যাতন। রাত পেরিয়ে সকাল। কোনও রকমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে যাত্রার আসরের আয়োজকদের কাছে পৌঁছায় কিশোরী। তাঁদের কাছে ঘটনার কথা জানায় সে। খবর যায় পরিবারের কাছে। পরে কাশিপুর থানায় অভিযোগ দায়ের হয়।
ঘটনায় প্রেমিক-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হল সুদীপ ওরফে সাগেন মান্ডি, রাজেশ মান্ডি, সুশান্ত মান্ডি, বিনন্দ সরেন ওরফে গেঁড়া, মেঘনাথ মান্ডি এবং সাগুন মুর্মু ওরফে রাজা। প্রত্যেকেরই বাড়ি কাশিপুর থানার পাঁচাগোড়া গ্রামে। মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে প্রথম চার জনের চার দিনের পুলিশ হেফাজত এবং বাকি দু’জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ দিনই বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় নির্যাতিতা।

ঘটনা ঘিরে ক্ষোভে ফুঁসছে পুরুলিয়া। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহলে। রাতের যাত্রা ও গানের আসর বন্ধের দাবিতে সরব হয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক নির্মল টুডু। নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায়, সেই দাবিও জানিয়েছেন তিনি।

অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক নির্মল টুডু বলেন
" সারা পশ্চিমবঙ্গে রাতের বেলার ‘ছাপরি অর্কেস্ট্রা’ ও অপেরা আদিবাসী সমাজে অপসংস্কৃতি ঢোকাচ্ছে, যার জেরে যুবকদের একাংশ বিপথে যাচ্ছে। আজ এই অনুষ্ঠানের কারণেই এক নাবালিকা আদিবাসী কিশোরীকে নির্যাতনের শিকার হতে হলো। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সমাজকে এগিয়ে আসতে হবে এবং এই অপসংস্কৃতি মুছে ফেলতে হবে। পুরুলিয়া জেলা ও কাশীপুর থানা পুলিশের কাছে অনুরোধ, ঘটনার সঠিক তদন্ত করে নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিন। সমাজের উন্নতি ও ঐক্যের জন্য দং, লাগড়ে, বাহা, সোহরায় ও রিঞ্জার মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি বাঁচিয়ে রাখাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত"।

তবে ক্ষোভের আঁচ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সমাজমাধ্যমে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি উঠেছে এনকাউন্টারের দাবিও। কেউ কেউ লিখছেন, বিকেলে থানায় জমা হোক অভিযুক্তেরা, আর সকালেই তাদের ‘খরচ’ করা হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বক্তব্যকে সামনে রেখেই ছড়াচ্ছে এই স্লোগান।  পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।