নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ফের একবার জ্যোতিষীদের চ্যালেঞ্জ করলেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো।নির্বাচনের মরসুমে তাঁর খোলা চ্যালেঞ্জ সমাজ মাধ্যমের দেওয়ালে, "জ্যোতিষীদের প্রতি চ্যালেঞ্জ --- কোন দল কত আসন পাবে ৩ মে এর মধ্যে সঠিক বলে দিতে পারলেই পাবেন ৫০ লক্ষ টাকা। বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিআইএম, এসইউসিআই??"
ভোট মিটতেই কোন দল কত আসন পাবে, কে জিতবে আর কে হারবে তা নিয়ে চলে নানাবিধ গণনা চলছে। কিন্তু তারই ফাঁকে জ্যোতিষীদের সরাসরি চ্যালেঞ্জ মধুসূদন বাবুর। অতীতেও তিনি জ্যোতিষচর্চাকে অবৈজ্ঞানিক বলেছেন। জ্যোতিষীদের 'ভবিষ্যবাণীর' আড়ালে থাকা অবৈজ্ঞানিক দাবিগুলোকে নস্যাৎ করতে এবার বড়সড় আর্থিক চ্যালেঞ্জ ঘোষণা করে বসেছেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো।
মধুসূদন বাবু সাফ জানিয়েছেন, কোনো জ্যোতিষী যদি আসন্ন নির্বাচনের ফল সঠিকভাবে মিলিয়ে দিতে পারেন, তবে তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন— বিজেপি , তৃণমূল , জাতীয় কংগ্রেস , সিপিআইএম বা এসইউসিআই মতো রাজনৈতিক দলগুলি নির্বাচনে ঠিক কতগুলি করে আসন পাবে, তা কি কোনো জ্যোতিষী নির্দিষ্টভাবে বলতে পারবেন?
মধুসূদন বাবুর ফেসবুক দেওয়ালে জানানো হয়েছে, আগামী ৩ মে-এর মধ্যে এই সঠিক সংখ্যাটি ঘোষণা করতে হবে,কোনো প্রকার ধোঁয়াশা না রেখে প্রতিটি দলের প্রাপ্ত আসনের সঠিক হিসেব দিতে হবে,যদি ফলাফল হুবহু মিলে যায়, তবেই ওই বিপুল অঙ্কের পুরস্কার রাশি প্রদান করা হবে।
জ্যোতিষীরা কি নিচ্ছেন মধুসূদন বাবুর চ্যালেঞ্জ?