রাজনীতি সংস্কৃতি শহর

ভারতকেশরীর ১২৫তম জন্মবার্ষিকীতে ভারত সেবাশ্রমের শ্রদ্ধার্ঘ্য প্রতিষ্ঠিত হচ্ছে পুরুলিয়ার শিল্পীর হাতে গড়া শ্যামাপ্রসাদ মূর্তি

পুরুলিয়ার স্থানীয় শিল্পী রাহুল দাসের হাতের ছোঁয়াতেই রূপ পেয়েছে এই আবক্ষ মূর্তিটি। কাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন। দেশ ও সমাজের প্রতি ড. মুখোপাধ্যায়ের অসামান্য অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই সঙ্ঘের এই অভিনব প্রয়াস, যা এখন পুরুলিয়া শহরের অন্যতম চর্চার বিষয়।
ভারতকেশরীর ১২৫তম জন্মবার্ষিকীতে ভারত সেবাশ্রমের শ্রদ্ধার্ঘ্য প্রতিষ্ঠিত হচ্ছে পুরুলিয়ার শিল্পীর হাতে গড়া শ্যামাপ্রসাদ মূর্তি

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া


এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগের সাক্ষী হতে চলেছে  পুরুলিয়া জেলাবাসী। দেশের স্বাধীনতা-পূর্ববর্তী অধ্যায়ের এক অবিস্মরণীয় মুহূর্তকে স্মরণ করে, আগামী ৬ই জুলাই প্রথমবার পুরুলিয়া জেলায় উন্মোচিত হতে চলেছে প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক তথা দূরদর্শী রাজনীতিবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া শহরের সাধারণ মানুষের মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এই উদ্যোগের পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৪০ সালে, দেশ স্বাধীনের আগে, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীশ্রীস্বামী প্রণবানন্দজী মহারাজ স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হিন্দু জাতিরক্ষার নেতা হিসেবে বরণ করে নিয়েছিলেন এবং তাঁর গলায় মালা পরিয়ে দেশ ও জাতির স্বার্থে এগিয়ে যাওয়ার বার্তা দেন। সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি আজও সঙ্ঘের প্রায় প্রতিটি কেন্দ্রে সশ্রদ্ধায় সংরক্ষিত। সেই চিরন্তন আদর্শকে সম্মান জানাতেই সঙ্ঘের এই পদক্ষেপ। এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং স্থানীয় বিধায়কদের।

ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সম্পাদক
স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ বলেন,
"পুরুলিয়া জেলায় এর আগে এই মহান সমাজ সংস্কারক, শিক্ষাবিদ তথা রাজনীতিবিদের কোনো মূর্তি ছিল না। তাই ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রথমবার এই উদ্যোগ গ্রহণ করেছে। দেশ ও সমাজের প্রতি তাঁর অসামান্য অবদান এবং আদর্শকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই এই আবক্ষ মূর্তি উন্মোচন করা হচ্ছে।"

বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা‌ জানান, "আজ ভারতবর্ষ যে অগ্রগতির পথে এগিয়ে চলেছে, তার পেছনে আমাদের মহান নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। বিগত সরকারগুলো এই মহান রাজনীতিবিদ, শিক্ষাবিদ তথা সমাজ সংস্কারকের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এসেছে। আমরা তাঁর দেখানো পথ ও কাজকে সামনে রেখেই এগিয়ে যাবো। ৬ই জুলাই তাঁর ১২৫ তম জন্মবার্ষিকীতে দলের তরফে রাজ্যজুড়ে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। এই আবহে পুরুলিয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ যেভাবে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করছে, তা সত্যিই এক প্রশংসনীয় ও মহৎ কাজ।"

পুরুলিয়ার স্থানীয় শিল্পী রাহুল দাসের হাতের ছোঁয়াতেই রূপ পেয়েছে এই আবক্ষ মূর্তিটি। কাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন। দেশ ও সমাজের প্রতি ড. মুখোপাধ্যায়ের অসামান্য অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই সঙ্ঘের এই অভিনব প্রয়াস, যা এখন পুরুলিয়া শহরের অন্যতম চর্চার বিষয়।